মনেই হচ্ছে না আমার বিয়ে হয়েছে

ঈদের আগে বেশ ব্যস্ত সময় পার করছেন ফারহান আহমেদ জোভান। প্রতি ঈদেই তার একাধিক কাজ থাকে, এবারও ব্যতিক্রম নয়। তবে এবারের ঈদ এই অভিনেতার জন্য একটু স্পেশাল। কারণ, বিয়ের পর এটিই তার প্রথম ঈদ।

ঈদুল ফিতরে প্রায় ডজনখানেক নাটকে দেখা যাবে তাকে। দেশ রূপান্তরকে এই অভিনেতা বলেন, এ ঈদে আটটার মতো কাজ করা হয়েছে আর আগের করা কিছু নাটক আসবে। সব মিলিয়ে ১০ কিংবা ১১টা নাটক প্রচার হতে পারে। সবগুলো প্রেমের গল্প নয়, ভিন্নতাও আছে।

নাটকের সিনিয়র অনেক শিল্পীই এখন ওটিটিতে ব্যস্ত, এর মধ্যে তরুণরা কতটুকু তাদের অবস্থান তৈরি করতে পারছেন এমন প্রশ্ন জোভান বলেন, তরুণরা ভালো করছে, ভালো কাজ করছে। দর্শকরা সব সময় নতুন এবং নতুন কিছু দেখতে চায়। এটা একটা পজিটিভ সাইন। আমি এটাকে পজিটিভলি দেখি।

‘মরীচিকা’ নামে একটি ওয়েবে দেখা গেলেও এরপর আর জোভানকে ওটিটিতে পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি এমন প্রশ্নে তার উত্তর, কেন পাওয়া যায়নি, সেটা আমিও জানি না। এটা আমার কাছে অজানা।

বিবাহিত জীবনের এটাই প্রথম ঈদ আপনার। বিয়ের পর নিজের মধ্যে কতটুকু পরিবর্তন এসেছে জানতে চাইলে অভিনেতা বলেন, কোনো পরিবর্তন আসেনি। মনেই হচ্ছে না যে আমার বিয়ে হয়েছে। শুধু পরিবারে একটা মানুষ যোগ হয়েছে। তবে ম্যারিড লাইফটা আমি বেশ উপভোগ করছি।

জোভান ২০১১ সালে বাংলাদেশি খাবার কোম্পানি প্রাণের একটি টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। দুই বছর পর তিনি আতিক জামানের ধারাবাহিক ইউনিভার্সিটিতে তার টেলিভিশন শোতে আত্মপ্রকাশ করেন। এখন জোভান দেশের ছোট পর্দায় অত্যন্ত পরিচিত নাম।