মানুষ প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না : মঈন খান

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। তারা সংঘাত, সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তাই আমাদের বড় চ্যালেঞ্জ গণতন্ত্রের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার মূল আদর্শ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ‘জাতীয়তাবাদী সচেতন নাগরিক ফোরাম-নরসিংদীর’ উদ্যোগে নরসিংদীর সাটিরপাড়ায় রয়েল কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন।

মঈন খান আরও বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে অন্যতম মূখ্য উদ্দেশ্য ছিল এই দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। সবাইকে নিয়ে মিলেমিশে একটি সমাজ ব্যবস্থা সৃষ্টি করতে চাই। যেখানে ধনী-গরিবের ব্যবধান কমে আসবে। যেখানে মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে। ধৈর্য এবং সংযম এই দুটি গুণাবলী বাংলাদেশের মানুষের মনে জাগরণ করে আমরা এই দেশে পুনরায় অর্থনীতি স্থিতিশীল করে তুলব। মানুষের জীবনযাত্রা সহজ করে তুলব। একই সঙ্গে এই দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারে আমরা সেই পথে অগ্রসর হব।’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো দ্বন্দ্বে বিশ্বাস করি না। আমরা কোনো সংঘাত বা প্রতিহিংসায় বিশ্বাস করি না। নিজের ব্যক্তিস্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাব।

নয় মাসের স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বুকের রক্ত দিয়ে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। তাই আমরা চাই দেশের গনতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষ নতুন করে অগ্রসর হউক।’

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবদিন, জাতীয়তাবাদী সচেতন নাগরিক ফোরাম-নরসিংদীর সভাপতি বাবুল সরকার, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানু, যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।