নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রাধানগর-শিবপুর সড়কে কাউবাড়ি নদীর ওপর নির্মিত কাঠের সেতু পারাপারে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে স্থানীয়রা গত ২৮ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিলেও এখনো চাঁদাবাজি থামেনি।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে রাধানগর, জিগাতলা, মানিকপুর গ্রামের লোকজনের যাতায়াতের সুবিধার্থে এলাকার কিছু লোক উদ্যোগ নিয়ে কাউবাড়ি নদীর ওপর বাঁশ ও কাঠ দিয়ে সেতুটি নির্মাণ করেন। নির্মাণের পর কিছু প্রভাবশালী ওই সেতু দিয়ে যাতায়াতকারীদের কাছ থেকে চাঁদা আদায় শুরু করে। এতে বাধা দিলে শিবপুর গ্রামের হযরত আলীর নির্দেশে আতাব উদ্দিন, ইউনুছ আলী, শরীফুল, রইছ উদ্দিন, আরিফুল, রতন মিয়া, আবু রায়হান, নাছির উদ্দিন, ইয়ামিনসহ কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে একজনকে আহত করে। এ ঘটনায় ২ এপ্রিল নেত্রকোনা আদালতে মামলা করেন ভুক্তভোগীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদা তুলতে নিষেধ করলেও তা মানা হচ্ছে না। চাঁদা আদায় করতে না পারলে সেতুটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছে তারা।
চাঁদা তোলার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত শরীফুল, আরিফুল ও আতাব উদ্দিন জানান, শিক্ষার্থী ও সাধারণ জনগণের কাছ থেকে কোনো অর্থ নেন না তারা। অবৈধ পথে ভারত থেকে চিনি আমদানিকারকদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। মালপত্র বহনকারীদের কাছ থেকে নামমাত্র কিছু টাকা নেওয়া হয়। ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো চাঁদাবাজকে পাওয়া গেলে তাদের ধরে নিয়ে আসার নির্দেশ দিয়েছি। এ ব্যাপরে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’