মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ চত্বরে দোয়া ও ইফতার মাহফিলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরিরামপুর উপজেলা পরিষদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হরিরামপুর থানার ওসি শাহ নুর এ আলম।
আহতরা হলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা, আহ্বায়ক কমিটির সদস্য রজ্জব আলী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জনি। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হরিরামপুরে আওয়ামী লীগের প্রয়াত নেতাদের স্মরণে বৃহস্পতিবার সন্ধ্যায় দোয়া ও ইফতার মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ দেওয়ান জাহিদ আহমেদ টুলু। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মারামারির ঘটনায় সাবেক এমপি মমতাজ বেগমের অনুসারীরা হরিরামপুর উপজেলা চেয়ারম্যানের লোকজনকে দায়ী করেছেন। তবে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান তা অস্বীকার করেন।
হামলার শিকার যুবলীগ নেতা ফরিদ মোল্লা বলেন, দোয়া শেষে ইফতার করে নামাজের উদ্দেশে যখন বের হয়েছি তখনই উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুরের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র সহকারে আমাদের ওপর অতর্কিত হামলা করে।
এ ঘটনায় হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, আমার লোকজনের বিরুদ্ধে পুরোপুরি ‘মিথ্যা’ অভিযোগ করেছে। তারা নিজেরা মারামারির করেছে। এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ নূর এ আলম বলেন, কাছাকাছিই ছিলাম। ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।