প্রতিবন্ধী শিশুকে চড় দেওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

নরসিংদীর রায়পুরায় এক প্রতিবন্ধীকে চড় দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চাঁন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পায় স্বজনরা। এর আগে শুক্রবার দুপুর ২টায় রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল শিমুলতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত চাঁন মিয়া ওই এলাকার মৃত রহম আলীর ছেলে এবং সাবেক ইউপি সদস্য ভুইয়া মেম্বারের ভাই বলে জানা গেছে। চাঁন মিয়ার মৃত্যুর বিষয়টি ফোনে সাংবাদিকদের নিশ্চিত করেন রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন পলাশ।

জানা গেছে, শুক্রবার দুপুরে এক প্রতিবন্ধী শিশুকে থাপ্পড় দেওয়ার ঘটনা নিয়ে সোহেল ও চাঁন মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে চাঁন মিয়ার ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক উদ্ধার করে তাকে হাসপাতালে নিলে ঢাকায় তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে ওই এলাকার পরিবেশ থমথমে। এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে রায়পুরা থানার ওসিসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা কাজ করছে। অভিযুক্ত পরিবারের লোকজন এলাকা ছাড়া বলেও জানায় পুলিশ।