যৌন নিগ্রহের মামলায় ১৪ মাসের বেশি কারাগারে থাকার পর অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়ে এই প্রথমবারের মতো কথা বললেন ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ। স্পেনের সংবাদপত্র এল পিরিওডিকো দে এসপানায় দেওয়া ছোট সাক্ষাৎকারে দানি আলভেজ কারাগারে থাকার স্মৃতি রোমন্থন করে বলেছেন, ‘আমি যেখানেই যাই টিকে থাকি।’
যৌন নিগ্রহের ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৪ বছর ৬ মাসের সাজা হয়েছে তার। ২০২২ সালের ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি পানশালায় আলভেজ এ ঘটনা ঘটান। তারপর থানায় সাক্ষ্য দিতে গিয়ে গ্রেফতার হন। সেই থেকে কারাবাস করার পর গত ২৫ মার্চ এ মামলায় শর্তসাপেক্ষে জামিন পান তিনি।
নিজের ফুটবল ক্যারিয়ারে ৪৩টি শিরোপা জেতা দানি আলভেজ মি. পর্টার রেস্টুরেন্টে সাংবাদিক ফেরান ইমেদিও কাছে সাক্ষাৎকার দেন। ফেরানের ভাষ্যমতে আগের চেয়ে অনেক বিমর্ষ ও শুকিয়ে যাওয়া আলভেজ এ সময় বলেন, ‘আমি যেখানেই যাই টিকে থাকি। আমি সবকিছুর সঙ্গেই নিজেকে মানিয়ে নেই। কারণ আমার কাছে মনে হয়, একজন মানুষই তার আশপাশের পরিবেশ কেমন হবে তা তৈরি করে, পরিবেশ মানুষকে নয়।’
জামিনের শর্তানুযায়ী বার্সেলোনার আদালতে প্রতি শুক্রবার নিয়মিতভাবে হাজিরা দিতে হয় আলভেজকে। এ সম্পর্কে বলেন, ‘আমাকে এটিই করতে হবে। প্রতি শুক্রবার আদালতে এসে হাজিরা দেওয়া। এছাড়া আমার আর তেমন কিছু করার নেইও।’
বার্সেলোনা, পিএসজি ও জুভেন্টাসের এ তারকা তার বিরুদ্ধে চলমান মামলা নিয়ে কোনো মন্তব্য করেননি, কেননা সেটি এখনো চলমান। দানির সকল মনোযোগ এখন এই মামলায় বিচার পাওয়া নিয়ে। তিনি বলেন, ‘আমার যা করার এখন আদালতেই করতে হবে।’ দ্বিতীয়বার জনসম্মুখে আসা আলভেজকে আগের চেয়ে বেশ শান্ত মনে হয়েছে বলে জানান সাক্ষাৎকার নেওয়া সাংবাদিক।