জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার ভেড়ামারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ সভাপতি নাঈফ আহমেদ তুষারকে (২২) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টায় উপজেলার গোলাপনগর বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাজারের রবিউলের চা দোকানে প্রতিপক্ষ ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাজাহান আলীর সমর্থক গ্রুপের  লোকজনের হামলায় তুষার নিহত হয়।

নিহত ছাত্রলীগ (জাসদ) নেতা নাঈফ আহমেদ তুষার স্থানীয় বাসিন্দা কৃষক রবিউল ইসলামের একমাত্র ছেলে ও প্রাইম ইউনিভার্সিটি উত্তরা শাখার ২য় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ‘মোকারিমপুর ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ) সাধারণ সম্পাদক আজিম উদ্দিন সেবুলের সাথে পূর্ব থেকেই বিএনপি নেতা শাজাহান গ্রুপের মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে সেবুল গ্রুপের ছাত্র নেতা তুষারের উপর পরিকল্পিত এই হামলা হয়েছে।

নিহতের চাচা রেজানুরের অভিযোগ, শুক্রবার ইফতার শেষ করে গোলাপনগর বাজারে রবিউলের দোকানে চা পান করছিল। এ সময় বিএনপি নেতা শাজাহান আলীর বাসায় আয়োজিত ইফতার পার্টি শেষ করে সেখান ১৫/২০টি মোটরসাইকেল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে তুষারকে কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে তুষার সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় হামলাকারিরাও ধাওয়া করে স্থানীয় বাসিন্দা খায়রুলের বাসার সামনে গিয়ে তুষার মাটিতে পড়ে যায়। সেখানে তারা তুষারকে আবারও কোপাতে থাকে তারা।

নিহত তুষারের পিতা কৃষক রবিউল ইসলাম তার একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায়। তিনি এই হতাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ বিষয়ে বিএনপি নেতা শাজাহান আলীর মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার গোলাপনগর বাজারে তুষার নামের এক যুবককে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতে   কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করেছে। তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

ঘটনাস্থলের পরিস্থিতি এখন শান্ত আছে বলেও দাবি করে এই পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাক তাদের গ্রেপ্তার করা হবে।