বাস ভাড়া নিয়ে যাত্রীদের যে পরামর্শ দিলেন বিআরটিএ চেয়ারম্যান

ভাড়ার তালিকা দেখে টিকিট কাটার পরামর্শ দিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। আজ শনিবার (৬ এপ্রিল) গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে এসে এ পরামর্শ দেন বিআরটিএ চেয়ারম্যান।

বিআরটিএ এর পক্ষ থেকে প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা লাগিয়ে দেয়া হয়েছে জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, এটা আমাদের ম্যাজিস্ট্রেট, ভিজিলেন্স টিম সদস্য দেখছে। মালিক সমিতির নেতারাও এই ব্যাপারে সিরিয়াস, যাতে তাদের বদনাম না হয়।

যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, আপনারা ভাড়ার চার্ট দেখে ভাড়া দিবেন, সেই তালিকা অনুযায়ী ভাড়া দিবেন। অতিরিক্ত এক টাকাও ভাড়া দিবেন না। যদি কেউ অতিরিক্ত ভাড়া দাবি করে টিকেট কাটার আগের আমাদের ভিজিলেন্স টিমের কাছে অভিযোগ করবেন। যদি এরপরেও কোনো সুরাহা না হয়, তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিবে। আমি মনে করি এবারের ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হবে।