হেরোইনসহ গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের সহ-সভাপতি বহিষ্কার

নেত্রকোণায় হেরোইনসহ গ্রেপ্তার হওয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু রায়হান মো. ইউসুফ প্রবানকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন শুক্রবার (৫ এপ্রিল)  রাতে তার ফেসবুক অ্যাকাউন্টে এ বিজ্ঞপ্তি পোস্ট করেন। পোস্টে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগ সংসদকে ধন্যবাদ জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অপরাধমূলক কাজ এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকায় তাকে বহিস্কারের কথা জানানো হয়েছে। শুক্রবার জরুরি এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে হেরোইনসহ আটকের পর শুক্রবার আবু রায়হান মো. ইউসুফ প্রবানকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মাদক আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়। এর আগেও তিনি হেরোইনসহ আটক হয়েছিলেন। তবে তখন সাংগঠনিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।