রোজা ৩০টি পূর্ণ হলে ঈদুল ফিতর ১১ এপ্রিল। যা চৈত্র মাসের শেষ সপ্তাহে। আবহাওয়া পরিস্থিতি চলমান থাকলে ঈদের আনন্দ ম্লান হতে পারে গরমের অস্বস্তিতে। একই সঙ্গে বৈশাখের আগমন জানাতে হতে পারে ‘কালবৈশাখী’।
আবহাওয়ার পূর্বাভস বলছে, ঈদের সময় দেশে তাপপ্রবাহ থাকতে পারে। চলতি এপ্রিল মাসে কয়েকদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, পাশাপাশি একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ও রূপ নিতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামীকাল রবিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে থাকবে। তবে দুই দিন পর আবার বাড়তে থাকবে তাপমাত্রা। যা ঈদ ও ঈদের পরও থাকবে।
ঈদের দিনের আবহাওয়া কেমন হতে পারে জানতে চাইলে আবহাওয়া অফিসের ফোকাস্টিং কর্মকর্তা মনোয়ার হোসেন আজ শনিবার দুপুরে দেশ রূপান্তরকে বলেন, ‘ঈদের দিন সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ গরমের মাত্রা বেশি থাকবে।’
কালবৈশাখী ঝড়ের আভাস আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘বছরের এই সময়ে বিক্ষিপ্তভাবে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়ে থাকে। তবে দেশের পশ্চিমাঞ্চলের খুলনা ও রাজশাহী বিভাগে হয়তো কালবৈশাখী ঝড় সৃষ্টি হলেও হতে পারে। কিন্তু সারা দেশে গরমের মাত্রা বেশি থাকবে।’
গরম থাকলেও বাতাস কেমন থাকবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বছরের এই মৌসুমের বাতাসের গতিবেগের কোনো নিয়ম নীতি নেই। তবে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকবে। তাই গরমের মধ্যে বাতাসটা কিছুটা হলেও মানুষকে স্বস্তি দেবে।’
এদিকে আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বাগেরহাট, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা এবং রাজশাহী বিভাগের ৮টি জেলাসহ মোট ১১টি জেলার ওপর দিয়ে আজ মৃদু (৩৬ ডিগ্রি থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ ডিগ্রি থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। পাশাপাশি জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে আজ দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত ওই পূর্বাভাগে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে, এ সময় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
শনিবার (৬ এপ্রিল) চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার (৫ এপ্রিল) তাপমাত্রার পারদ ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে ওঠে।