ময়মনসিংহের গৌরীপুরের সহনাটি ইউনিয়নের সদ্য বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেলের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অডিওটি ভাইরাল হয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
২৪ সেকেন্ডের অডিও বার্তায় বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন রুবেল পাছার বাজারের শফিউল ইসলাম তাইসিন নামের এক ব্যবসায়ীকে মোবাইল ফোনে কল দিয়ে বলতে শোনা যায়- ফেসবুকে উল্টাপাল্টা লেখালেখির কারণ কী? প্রতি উত্তরে তরিকুল ইসলাম বলেন, এটা যার তার কর্মফল, এটা নিয়া কোনো কথা আছে? প্রতি উত্তরে চেয়ারম্যান উত্তেজিত হয়ে বলেন, তাপরাইয়া বাইড়াইয়া নেড়ী কুত্তার মতো পিটামো। তর বাপেরে আর তোরে, তোরে কুত্তার মতো পিঠায়াম বলে সংযোগটি কেটে দেন।
একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটি ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন রুবেলের। একজন চেয়ারম্যান হিসেবে এ রকম কথা তার মুখে মানায় না।
হুমকি দেওয়া ব্যবসায়ী সহনাটি গ্রামের মোসলেল উদ্দিনের ছেলে শফিউল ইসলাম তাইসিন জানান, বৃহস্পতিবার রাতে একটি গ্রাম্য শালিসে ছিলাম। এ সময় মোবাইলে ফোন করে হুমকি দেন ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন। আমি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করব। আমি তার বিচার চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের এক প্রবীণ নেতা জানান, এই ইউনিয়নের ইজ্জত সন্মান সবই গেছে। এমনকি আওয়ামী লীগের বদনাম করেছে। রুবেল চেয়ারম্যান কী পারে একজন ব্যবসায়ীকে হুমকি দিতে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন রুবেল অডিওর কথা অস্বীকার করেন। তিনি বলেন, অডিওটি আমার নয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। হুমকি দিলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।