ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, বিএনপি নির্বাচনে ব্যর্থ হয়ে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কুকি-চিনের সাথে মিশে দেশের স্থিতিশীলতাকে নস্যাৎ করার চেষ্টা করছে।
আজ শনিবার (৬ এপ্রিল) দুপুরে বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে সাধারণ মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে বর্তমানে দ্রব্যমূল্যসহ সবদিক দিয়ে স্থিতিশীলতা বিরাজ করছে। এটাকে নস্যাৎ করে দেয়ার জন্য সন্ত্রাসী সংগঠন কুকি-চিন সদস্যদেরকে হায়ার করে এ ধরনের কর্মকান্ড পরিচালনা করছে।
বিএনপির ভারত বিরোধীতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা হচ্ছে তাদের পুরানো রাজনীতি। কারণ ভারত হচ্ছে মুক্তি সংগ্রামে আওয়ামী লীগের পরম বন্ধু। ভারতের সহযোগিতায় মহান মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানকে পরাজিত করেছি। তাদের প্রশিক্ষিত ৯৪ হাজার সেনা সদস্য মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করতে বাধ্য হয়েছে। সুতরাং ভারত বিরোধীতা মুক্তিযুদ্ধের বিপক্ষের একটি অংশ।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, এই ঈদেও তারা ভারতীয় পণ্য ব্যবহার করবে। তারা ঈদে যে সমস্ত মসলা ব্যবহার করবে এর শতকরা ৯০ ভাগ মসলা ভারত থেকে আসবে। ভারতীয় মসলা ছাড়া তাদের চলবে না।