লাকী আখন্দের অপ্রকাশিত গান নিয়ে আসছেন রাঘব-শম্পা

লাকী আখন্দের সুরে ও গোলাম মোর্শেদের কথায় যে কোনো গান মানেই আলাদা আবেদন, আলাদা রকম ভালো লাগার আয়োজন। ‘অন্তরের সুখ তুমি’ শিরোনামের এই জুটির নতুন একটি গান প্রকাশ হচ্ছে।  দ্বৈত কণ্ঠের গানটি গেয়েছেন পশ্চিম বাংলার সমাদৃত শিল্পী রাঘব চ্যাটার্জি এবং বাংলাদেশের সাঈদা শম্পা। 

দুজন মিলেই গানটির আবেগের চাহিদাকে পুরোপুরি মিটিয়েছেন, এ ব্যাপারে আশা ব্যক্ত করেছেন গীতিকবি গোলাম মোর্শেদ। তিনি বলেন, লাকি ভাইয়ের সঙ্গে আমার অনেকগুলো কাজ হয়েছে। তবে তার সুর করা কিছু অপ্রকাশিত গান থেকে যায়। সেখান থেকে এ গানটি এবার ঈদ উপলক্ষে প্রকাশ করছি।

শম্পা বলেন, এমন একজন গুণী শিল্পীর সুরে গান করতে পারা অনেক আনন্দের। সে সঙ্গে আরও একজন গুণী মানুষের কথা। সব মিলিয়ে দারুণ একটা গান হয়েছে।

গানটি উন্মুক্ত হবে গান জানালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।