ফিরেই সিটিকে জেতালেন ডি ব্রুইনে-হালান্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের আগের ম্যাচে কেভিন ডি ব্রুইনে, আর্লিং হালান্ড দুজনকেই বিশ্রামে রেখেছিলেন কোচ পেপ গার্দিওলা। আজ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুজনই ছিলেন শুরুর একাদশে। দুটি গোল করার পাশাপাশি সতীর্থের গোলে অবদান রাখেন ডি ব্রুইনে। হালান্ড করেন একটি গোল।

ম্যানসিটি ৪-২ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে।

নিজেদের ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে গিয়েছিল ক্রিস্টাল। প্রিমিয়ার লিগে শীর্ষ তিন দলের মধ্যে পয়েন্টের পার্থক্য বেশি নয়। তাই জয় না পেয়ে অন্য ফল হলে শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পরতো সিটি তা ভালোই জানা গার্দিওলার।

তাই তো পিছিয়ে যাওয়ার পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে সিটিজেনরা। ১৩ মিনিটে সমতা ফেরান ডি ব্রুইনে। ১-১ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর দ্বিতীয় মিনিটেই সিটিকে এগিয়ে দেন রিকো লুইস। ৬৬ মিনিটে হালান্ডের গোলে ব্যবধান বাড়ায় সিটি। চার মিনিট পর নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়ান ডি ব্রুইনে।

৮৬ মিনিটে ক্রিস্টালের হয়ে আরেকটি গোল শোধ দেন এদুয়ার্দো। এই দুই গোল হজম না করলে সিটির গোল ব্যবধান (+৪০) লিভারপুলের (+৪২) সমান হতো।

৩১ ম্যাচে ৭০ পয়েন্ট হলো সিটির। এক ম্যাচ কম খেলে সমান ৭০ পয়েন্ট লিভারপুলেরও। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে লিভারপুল।

৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে থাকা আর্সেনাল রাতে ম্যাচ খেলবে ব্রাইটনের বিপক্ষে।