বিজিএমইএর দায়িত্ব নিলেন কচি

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি এস এম মান্নান (কচি) দায়িত্ব গ্রহণ করেছেন। তার নেতৃত্বে নবনির্বাচিত অফিস বেয়ারাররাও ২০২৪-২৬ মেয়াদের জন্য বাণিজ্য সংগঠনটির দায়িত্ব গ্রহণ করেছেন।

গতকাল শনিবার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিদায়ী পরিচালনা পর্ষদ নতুন বোর্ডের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সভায় বিজিএমইএর ২০২২-২৩ সালের নিরীক্ষিত হিসাব বিবরণী গৃহীত হয় এবং ২০২৩-২৪ সালের বাজেট অনুমোদন করা হয়।

নতুন পরিচালনা পর্ষদের অফিস বেয়ারাররা হলেন সৈয়দ নজরুল ইসলাম প্রথম সহসভাপতি; খন্দকার রফিকুল ইসলাম সিনিয়র সহসভাপতি; আরশাদ জামাল (দীপু) সহসভাপতি; মো. নাসির উদ্দিন সহসভাপতি (অর্থ); মিরান আলী সহসভাপতি সহসভাপতি; আবদুল্লাহ হিল রাকিব সহসভাপতি এবং রকিবুল আলম চৌধুরী সহ সভাপতি।

ঢাকা থেকে পরিচালনা পর্ষদের অন্য পরিচালকরা হলেন শহিদউল্লাহ আজিম, আসিফ আশরাফ, মো. ইমরানুর রহমান প্রমুখ। এস এম মান্নানের (কচি) নেতৃত্বে সম্মিলিত পরিষদ, বিজিএমইএর ২০২৪-২৬ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচনে ৩৫টি পদে ঢাকায় ২৬টি এবং চট্টগ্রামে ৯টি পদে জয়লাভ করে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে।