কোহলির ১০০ ম্লান, ১০০তম ম্যাচে ১০০ করে জেতালেন বাটলার

বিরাট কোহলির অষ্টম আইপিএল সেঞ্চুরি বৃথা গেল। সেঞ্চুরি করে রাজস্থান রয়্যালসকে টানা চতুর্থ জয় এনে দিয়েছেন জস বাটলার।

জয়ের জন্য শেষ ওভারে মাত্র ১ রানই দরকার ছিল রয়্যালসের। কিন্তু সেঞ্চুরির জন্য বাটলারের দরকার ছিল ৬ রান। ক্যামেরন গ্রিনের শর্ট লেন্থের বল মিড উইকেট দিয়ে ছয়ই বানালেন বাটলার। দলের জয় তো এলোই, আইপিএলে নিজের ১০০তম ম্যাচে ঠিক ১০০ রানই করলেন ইংল্যান্ড অধিনায়ক।

প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তোলে ৩ উইকেটে ১৮৩ রান, যেখানে ৭২ বলে ১১৩ রানই কোহলির। কিন্তু বাটলার, সঞ্জু স্যামসনের সৌজন্যে রাজস্থান জয় তুলে ফেলে ৫ বল আর ৬ উইকেট হাতে রেখেই।

এবারের আইপিএলে রাজস্থানের এটি চতুর্থ জয়। বিপরীতে পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে কোহলির দল।

আইপিএলে আটটি সেঞ্চুরি কোহলি। কিন্তু এ নিয়ে তৃতীয়বার কোহলি সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না। 

অন্যদিকে ২০২২ এর আইপিএলে চার সেঞ্চুরি করা বাটলার এবারের আসরে প্রথম সেঞ্চুরি করেই ম্যাচ জেতালেন। এ নিয়ে ১১ বার রাজস্হানকে জেতালেন তিনি।