বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসী হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। গতকাল শনিবার জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই উদ্বেগের কথা জানানো হয়।
বিবৃতিতে পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জানমাল রক্ষায় ‘ব্যর্থতার’ জন্য হতাশা প্রকাশ এবং এই ‘ব্যর্থতার’ কারণগুলো নির্ণয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিরোধীদলীয় নেতা।
বিবৃতিতে গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেন, ‘কেএনএফের সদস্যরা কয়েক দিন ধরে তাণ্ডব চালাচ্ছে বান্দরবানে। তারা ব্যাংক ডাকাতি, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, ব্যাংক গ্রাহকদের টাকা ও বাজারে লুটপাট করছে। থানা ও নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে আক্রমণ চালিয়ে পাহাড়ি এলাকার মানুষকে আতঙ্কিত করে তুলেছে। তাদের এ নৃশংসতায় সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। আতঙ্কে ঘর থেকে বের হতে পারছে না মানুষ। মুখ থুবড়ে পড়েছে পাহাড়ের পর্যটন শিল্প। তাই জনগণের নিরাপত্তা রক্ষা অত্যন্ত জরুরি।’
একই সঙ্গে কেএনএফের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।