ফিলিস্তিনের ওপর ইসরাইলি হামলা ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ। একই সঙ্গে গণহত্যার দায়ে অবিলম্বে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার প্রক্রিয়া শুরুর আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ শান্তি পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু সভাপতিত্বে সূচনা বক্তব্য উত্থাপন করেন বাংলাদেশ শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী।
সংবাদ সম্মেলনে আলোচনা করেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রাশেদ খান মেনন, অধ্যাপিকা মাহফুজা খানম, সাবেক সংসদ সদস্য শিরীন আখতার, অ্যাডভোকেট এসএমএ সবুর, শরীফ নুরুল আম্বিয়া, ডা. শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, অধ্যাপক এম এম আকাশ, অ্যাম্বাসাডর মমতাজ হোসেন, রুহিন হোসেন প্রিন্স, ইসমাইল হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলী বাহিনীর অব্যাহত হামলার নিন্দা জানানোর ভাষা নেই। এই অবস্থায় বিশ্ব শান্তি আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ শান্তি পরিষদ নীরব বসে থাকতে পারে না। বাংলাদেশ শান্তি পরিষদ ফিলিস্তিন সংকটের সমাধানের জন্য যুগ যুগ ধরে রাজপথে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সোচ্চার রয়েছে। একইসঙ্গে প্যালেস্টাইনের বীর জনতার প্রতি সংহতি জারি রেখেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইসরাইলী বাহিনীর এই হামলা এই মুহূর্তে বন্ধের কোনো বিকল্প নেই। ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে ইসরাইলী বাহিনীর পরিচালিত গণহত্যার প্রতিবাদে বাংলাদেশসহ সারা বিশ্বে লাখো জনতা রাজপথ উত্তাপ করেছে। তারপরও আন্তর্জাতিক আদালতের রায় এবং বিশ্ব জনমতকে উপেক্ষা করে ইসরাইল তাদের এই বর্বর হামলা চালিয়ে যাচ্ছে।