মোহাম্মদপুরে ভবন থেকে রড পড়ে পথচারীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুর থানার সাত মসজিদ রোডে নামাজে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের রড মাথায় পড়ে হাসান (৪৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী শফিউর রহমান বলেন, ‘রাতে নামাজে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের রড মাথায় পড়ে গুরুতর আহত হন হাসান। আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।’

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি তার পরিবারকে জানিয়েছি। তারা ঢাকা মেডিকেলে আসছেন। হাসান মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকায় থাকতেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা জুঁইদ-ী এলাকায়। তিনি ওই এলাকার ফজল আহমেদের ছেলে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানানো হয়েছে।