৮ হাজার মানুষের মুখে হাসি ফোটালেন এমপি জিল্লুর

মৌলভীবাজারে আট হাজার নারী ও পুরুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার বিতরণ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। রবিবার (৭ এপ্রিল) দুপুরে সদর ও রাজনগর উপজেলার নারী ও পুরুষদের মধ্যে মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সাইফুর রহমান বাবুল, পৌর কাউন্সিলর অ্যাডভোকেট পার্থ সারথি পাল ও জিল্লুর রহমানের মেয়ে অবন্তী প্রমুখ।

জিল্লুর রহমান বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মৌলভীবাজার-৩ আসনের আট হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১ পৌরসভায় ৫ হাজার ও রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে ৩ হাজার মানুষের মধ্যে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।