দিনের সবচেয়ে বড় ম্যাচটা হয়েছিল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে আবার ছিল তারার মেলা। জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিমরা। সদ্য টেস্ট অভিষেক হওয়া পেসার নাহিদ রানাও ছিলেন একই দলে। পেস আর লেগ ঘূর্ণির দাপট দেখেছে মিরপুর।
শাইনপুকুরের হয়ে খেলা জাতীয় দলের এই উদীয়মান ক্রিকেটার মাঠ ছেড়েছেন জয় নিয়ে। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে তারা হারিয়েছেন ৮০ রানের বড় ব্যবধানে।
আগে ব্যাট করে শাইনপুকুর ২৪২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন ইরফান শুক্কুর। ৭৫ বলে তার ইনিংসটি সাজিয়েছিলেন ৮টি চার ও ২টি ছক্কায়। এছাড়া খালিদ হাসান করেন ৬৩ রান। গাজীর হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন রুয়েল মিয়া। দুটি করে উইকেট পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন ও মঈন খান।
২৪৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১৬১ রানেই গুটিয়ে যায় গাজী। দলটির হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন সাব্বির হোসেন শিকদার। শাইনপুকুরের হয়ে নাহিদ রানা ও রিশাদ হোসেন দুজনেই শিকার করেছেন ৪টি করে উইকেট।