নির্মাতাদের পারিশ্রমিক বৃদ্ধির নির্দিষ্ট নির্ণায়ক নেই

মানসম্পন্ন কাজ, ব্যাপক জনপ্রিয়তা এবং ভিউতে এগিয়ে থাকা নির্মাতাদের মধ্যে অন্যতম মহিদুল মহিম। শিল্পী, দরদ, কঞ্জুস, হারানো সংবাদ, ভালোবাসার তিন দিন নাটকগুলো দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা পান তিনি। এবার ঈদেও নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় এই নির্মাতা। ঈদের নাটক ও সমসাময়িক বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন ইমরুল নূর

প্রতি উৎসবেই আপনার একাধিক কাজ থাকে। সে ধারাবাহিকতায় এবার ঈদে বিশেষ কী থাকছে?

আমি রোজার ঈদে তুলনামূলক একটু কম কাজ করি। এবার ঈদে আমার মাত্র দুটো নাটক আসছে, ‘অনন্ত প্রেম’ ও ‘মনের আকাশে তুমি’।

আপনার নাটকের নামগুলো যেমন সিনেম্যাটিক তেমনি দর্শকদের মতে, আপনার নাটকগুলো দেখতেও সিনেমার মতো। বিষয়টা আপনি কীভাবে দেখেন?

আমি সবসময়ই চেষ্টা করি দর্শকদের ভিন্ন কিছু উপহার দিতে। আমার নাটকগুলো এমনভাবে নির্মাণ করি যেন দর্শকরা নাটকের মধ্য দিয়ে সিনেমার স্বাদ পায়। যার কারণে আমার প্রতিটা নাটকেই দর্শকদের কাছ থেকে অগণিত ভালোবাসা পাই। দর্শকদের এই ভালোবাসাই আমার কাজের সার্থকতা। কন্টেন্টের সাফল্য কিংবা ব্যর্থতা নির্ভর করে দর্শকের ওপর।

আপনি বরাবরই রোমান্টিক, কমেডি কিংবা রমকম ঘরানার নাটক নির্মাণ করে এসেছেন এবং এর জন্যই আপনি বেশ জনপ্রিয়। এ জনরার কাজের সুবিধা কিংবা ঝুঁকি কী?

এখানে সুবিধা কিংবা ঝুঁকির কিছু নেই। সত্যিকার অর্থে প্রতিটি মানুষই চেতনে বা অবচেতনে প্রেম-ভালোবাসায় বিরাজমান থাকে। কখনো কখনো রোমান্টিক ও কমেডি চরিত্রগুলোতে যেন নিজেদেরই দেখতে পায়। নাটকগুলোও দর্শকরা দারুণ উপভোগ করে। তাছাড়া আমি ব্যক্তিগতভাবেও রোমান্টিক ও কমেডি নির্মাণ পছন্দ করি।

টেলিভিশনের ব্যাপক জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর সঙ্গে এককভাবে সর্বাধিক নাটক আপনার সঙ্গে। তারা এখন ওটিটি এবং সিনেমায় ব্যস্ত। তাদের মিস করেন?

মিস তো অবশ্যই করি। নিশো ভাই ও মেহজাবীন আপুর সঙ্গে আমার অনেক দারুণ দারুণ কাজের অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘদিন আমরা পরিবারের মতো একসঙ্গে কাজ করেছি। তাদের প্রতি এই ভালোবাসাটা আমার সবসময় থাকবে। তবে এখন যাদের নিয়ে

কাজ করছি তারাও বেশ ডেডিকেশন দিয়ে কাজ করছেন। কাজের অভিজ্ঞতাও চমৎকার। সেই কাজগুলো থেকে দারুণ সাফল্যও আসছে।

অনেকেই বলেন, নতুন নতুন অনেক শিল্পীই আসছে কিন্তু কেউ শক্তভাবে তাদের জায়গাটা তৈরি করতে পারছে না। এটার কী কারণ মনে হয় আপনার কাছে?

কথাটা পুরোপুরি ঠিক না। এখন যারা কাজ করছেন তাদের অনেকই ভীষণ প্রতিভাবান এবং ভালো অভিনয় করছেন। আবার একদম নতুন কিন্তু সম্ভাবনাময় এমনও আছেন অনেকে। হয়তো

আগামী পাঁচ বছর পর তাদের অনেককেই শক্ত অবস্থানে দেখতে পাবেন। শুধু একটু সময় দিতে হবে।

শোনা যাচ্ছে, এই সময়ে নাটকে সর্বাধিক পারিশ্রমিক নেওয়া নাট্যনির্মাতার মধ্যে আপনি একজন। নির্মাতাদের পারিশ্রমিক কি প্রযোজকরা বাড়ান নাকি নিজেরাই? এবং সেটা কীসের ভিত্তিতে...

নির্মাতাদের পারিশ্রমিক নির্মাতারাই বাড়ান। তবে সেটা বৃদ্ধির কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া (নির্ণায়ক) নেই। কাজের গুণগত মান, কাজটির পেছনে সময় দেওয়া, কাজের জনপ্রিয়তা, কাজগুলো থেকে প্রযোজকের ব্যবসায়িক লাভ অনেক কিছুর ওপর সেটা নির্ভর করে।