সিনিয়র জেলা জজ দিলরুবা সুলতানা মারা গেছেন

সিনিয়র জেলা ও দায়রা জজ, খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা আর নেই। গতকাল রবিবার সকাল সোয়া ৮টার দিকে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। দিলরুবা সুলতানা স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে খুলনার খালিশপুরের গোয়ালখালী কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

বিচারক দিলরুবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আলাদা শোকবার্তায় বিচারক দিলরুবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। এ বিচারকের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার।

দিলরুবা সুলতানা ১৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে বিচার বিভাগে যোগ দেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়।