বাবার সঙ্গে কেনাকাটা করতে গিয়ে প্রাণ গেল কিশোরীর

নরসিংদীর শিবপুরে বাবার সঙ্গে ঈদের কেনাকাটা করতে গিয়ে প্রাণ গেল এক কিশোরীর। তার নাম মীম আক্তার (১৩)। গতকাল রবিবার সন্ধ্যায় কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে পরিবারের আহত হয় আরও তিন জন।

নিহত মীম পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।

আহতরা হলেন নিহতের বাবা মোহাম্মদ আলী (৪৫), ফুপু মাকসুদা আক্তার (২০) ও চাচা সাইদুল (২৪)।

জানা যায়, চরসিন্দুর থেকে সিএনজিতে মীম তার বাবা, ফুপু ও চাচার সঙ্গে ঈদের কেনাকাটা করতে নরসিংদী আসছিল। পরে শিবপুরের সাধারচরের এশিয়া মার্কেটের সামনে এলে বিপরীত দিক থেকে গাজীপুরমুখী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মীমের মৃত্যু হয়। আহত হন তার স্বজনরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।

শিবপুর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেলপার পলাতক।