আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কার কলম্বোয় বার্ষিক সাধারণ সভায় বসবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে। অবশ্য এখনও দিন-তারিখ চূড়ান্ত হয়নি সভার।
এ সভায় আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে প্রার্থীতার ঘোষণা দিতে পারেন জয় শাহ। ভারতীয় গণমাধ্যমগুলো তেমনটাই জানিয়েছে। বর্তমানে আইসিসির চেয়ারম্যান হিসেবে আছেন গ্রেক বার্কলে।
এছাড়া সভায় আলোচনার আরেকটি বিষয় হতে পারে চেয়ারম্যানের পদ সংক্রান্ত। বর্তমান নিয়ম অনুসারে আইসিসির চেয়ারম্যান পদের মেয়াদকাল ২ বছর। এটাকে বাড়িয়ে তিন করার কথা ভাবছে আইসিসি। এখনকার নিয়ম অনুযায়ী সর্বোচ্চ তিন দফায় চেয়ারম্যানের পদে আসীন হতে পারেন কেউ, সেটাকে কমিয়ে দুই করতে চাচ্ছে সংস্থাটি।
আসন্ন বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র ক্রিকেটের সাম্প্রতিক কার্যকলাপে মোটেই খুশি নন আইসিসির প্রশাসকরা। প্রধান নির্বাহীর পদ থেকে নূর মুরাদকে বরখাস্ত এবং নিয়োগ বাণিজ্যসহ নানারকম দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এগুলো নিয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় আলোচনা হবে বলেও জানানো হয়েছে।