মায়াঙ্কের দুসংবাদের রাতে যশ গড়লেন সেরা কীর্তি

চলতি আইপিএলে অভিষেকের দুই ম্যাচেই গতির ঝড় তুলে ম্যাচসেরা হন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ২১ বছরের পেসার মায়াঙ্ক যাদব। গতরাতে এক ওভার বোলিং করেই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন। তাতে জয় পেতে কষ্ট হয়নি লক্ষ্ণৌর। আরেক তরুণ পেসার যশ ঠাকুর দেখান এবারের সেরা বোলিং নৈপুণ্য। তাতে আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো গুজরাট টাইটানসকে ৩৩ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে দলটি।

২৫ বছর বয়সী পেসার যশ এবারের আসরে প্রথম বোলার হিসেবে শিকার করেন ৫ উইকেট। ৫ উইকেট নিতে ৪ ওভারে ৩০ রান খরচা করেন তিনি। লক্ষ্ণৌ তাদের ঘরের মাঠে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে গুজরাট অলআউট হয়ে যায় ১৩০ রানেই।

যশ ছাড়াও এ ম্যাচে মাত্র ১১ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন ক্রুনাল পান্ডিয়া। এতে মাঝ ওভারে গুজরাটের রানের চাকা আটকে ধরে লক্ষ্ণৌ। ম্যাচশেষে মায়াঙ্কের ইনজুরি নিয়ে ক্রুনাল জানান, ‘তাকে দেখে ঠিক মনে হচ্ছে, এটা আমাদের জন্য স্বস্তির খবর।

চলতি আইপিএলে এতদিন সেরা বোলিং নৈপুণ্য ছিল মোস্তাফিজুর রহমানে ২৯ রানে ৪ উইকেট। ৩০ রানে ৫ উইকেট নিয়ে সেটি টপকে গেছেন যশ ঠাকুর। এ নিয়ে বোলারদের কৃতিত্বে টানা তিন ম্যাচ জিতল লক্ষ্ণৌ।