মামলার হাজিরা দিতে এসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু

খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও মাটিবাহী ট্রাক্টরের সংঘর্ষে খায়রুল আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে পাইকগাছা-কয়রা প্রধান সড়কের মৌখালী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটন ঘটে। নিহত খায়রুল আলম (৩৫) কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের বাসিন্দা নওশের আলী সানার ছেলে।

ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করেছে। সর্বশেষ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর হোসেন মিন্টু বাদী হয়ে ট্রাক্টরচালক জাহিদ গাজীরর বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।

পাইকগাছা থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মামলার হাজিরা দিতে খায়রুল আলম ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে খুলনা যাচ্ছিলেন। পথিমধ্যে তারা উপজেলার মৌখালী এলাকায় পৌঁছলে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেলটির চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই খায়রুল নিহত হন এবং চালক গুরুতর আহত হন।

তিনি আরো বলেন, গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।