গতকাল রাতে চেন্নাইয়ে ফিরে গিয়ে আজ আইপিএলে আবার খেলতে নামছেন মোস্তাফিজুর রহমান। ঘরের মাঠ এম. চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বল করতে নামছেন তিনি। টস জিতে সিএসকে অধিনায়ক গায়কোয়াড় প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথম তিন ম্যাচে ৭ উইকেট শিকারী মোস্তাফিজ চেন্নাইয়ের হয়ে চতুর্থ ম্যাচ মিস করেন জরুরী কাজে দেশে ফেরায়। সেই ম্যাচটি হেরেছিল চেন্নাই সুপার কিংস। সব মিলিয়ে চার ম্যাচে দুটি জয়, দুটি হার তাদের।
আজ মোস্তাফিজ ছাড়াও শার্দুল ঠাকুর ও সামির রিজভীকে একাদশে ফিরিয়েছে সিএসকে।
অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স নামছে নিজেদের অপরিবর্তিত একাদশ নিয়ে। ফিল সল্ট এবং মিচেল স্টার্কের সঙ্গে বাকি দুই বিদেশি হিসেবে আছেন সুনীল নারিন ও আন্দ্রে রাসেল।