ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাসে যা জানা গেল

সৌদি আরবের আকাশে আজ সোমবার শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। তাই আগামী বুধবার (১০ এপ্রিল) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। সেই হিসেবে বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানে ঈদ হবে তার পরের দিন বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে যেহেতু কালবৈশাখীর সময় তাই যেকোনো সময় পরিস্থিতি পরিবর্তন হতে পারে।

সোমবার আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, কয়েক দিনের গরমের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টা পর তাপমাত্রা বাড়তে পারে। আর ঈদের সময়ে বৃষ্টি হওয়ার সম্ভবনা কম।

তিনি আরও বলেন, মঙ্গলবার থেকে দেশের আকাশ পরিষ্কার থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত তাপমাত্রাও স্বাভাবিক থাকবে। তবে দুপুরের পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে।

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।