টাঙ্গাইলে মহাসড়কে যানজট এড়াতে পরিবহনগুলো আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করায় চাপ বেড়েছে। এতে ভুঞাপুর- এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের কোথাও কোথাও ধীরগতিতে চলাচল করছে ঢাকাগামী পরিবহনগুলো। সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা থেকে ভুঞাপুর- এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা হতে সেতুপূর্ব গোলচত্ত্বর পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কটি দুইলেনের হওয়ায় মহাসড়কে যানজট এড়াতে শুধুমাত্র ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পরিবহনগুলো চলাচলের জন্য দুইলেন ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে ঢাকাগামী পরিবহনগুলো সেতুর গোলচত্ত্বর থেকে বঙ্গবন্ধু সেতু- ভুঞাপুর-এলেঙ্গা সড়কে ঘুরিয়ে দেয়া হচ্ছে। পরিবহনগুলো ২৯ কিলোমিটার ওই সড়ক দিয়ে যাওয়ায় পরিবহনের চাপ বেড়েছে। এতে সড়কটির কোথাও কোথাও ধীরগতিতে চলছে পরিবহন।
এদিকে সন্ধ্যার পর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা হতে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে পরিবহনের চাপ বেড়েছে। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি।
এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বহুযাত্রী পরিবহনের জন্য অপেক্ষা করছে। গণপরিবহন না পেয়ে কেউ কেউ পরিবার নিয়ে খোলা ট্রাক ও পিকআপে চেপে বাড়িতে রওনা দিয়েছেন। পরিবহন সংকটের কারণে বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্য আফজাল জানান, বিকেলের পর মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। তবে ধীরগতি বা যানজট নেই। সন্ধ্যার পর রাতে আরো বেশি হবে পরিবহনের সংখ্যা।