পরাজয়ের শঙ্কায় জেলেনস্কি

রাশিয়ার আক্রমণ মোকাবিলা করতে গিয়ে ক্রমাগত জটিল পরিস্থিতির মুখে পড়ছে ইউক্রেন। পশ্চিমা বিশ্ব থেকে সহায়তার প্রবাহ হ্রাস পাওয়ার পর যুদ্ধক্ষেত্রে বেশ চাপের মুখে রয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তিনি ক্ষেপণাস্ত্র সংকটের কথা বলেছেন। সামগ্রিকভাবে মার্কিন সামরিক সহায়তার অভাবে জেলেনস্কি রাশিয়ার জয়ের আশঙ্কা দেখছেন। তার মতে, মার্কিন কংগ্রেসে সহায়তা কর্মসূচি অনুমোদিত না হলে রাশিয়া আরও জমি দখল করতে পারে।

ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি গত রবিবার বলেন, ‘মার্কিন কংগ্রেসে সামরিক সহায়তার কর্মসূচি আটকে থাকায় রাশিয়ার পক্ষে আরও জমি দখল সহজ হয়ে উঠছে। এই সহায়তা ছাড়া ইউক্রেনের পক্ষে টিকে থাকা সহজ হবে না।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, বিচ্ছিন্ন হামলার মাধ্যমে ইউক্রেন কিছু সাফল্য পেলেও সার্বিকভাবে রাশিয়ার হামলার মাত্রা কমাতে সক্ষম হচ্ছে না। এর মধ্যে রাশিয়ার দখল করা জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা হয়েছে যা নিয়ে বড় ঝুঁকি তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। এ জন্য ইউক্রেনের ড্রোনকে দায়ী করছে রাশিয়া। অবশ্য এ ধরনের দাবিকে নাকচ করে দিয়েছে কিয়েভ।

২০২২ সালের ফেব্রুয়ারির পর দুই বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার হামলা সত্ত্বেও ইউক্রেন প্রতিরোধ লড়াই চালিয়ে যাচ্ছে। যুদ্ধের প্রাথমিক ধাক্কায় দেশের প্রায় এক-পঞ্চমাংশ দখল করতে সক্ষম হয়েছে মস্কো। সম্প্রতি এবার নিয়ন্ত্রণ রেখার কাছে  চেরসিভ ইয়ার নামের এলাকা সে দেশের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ শহর ক্রামাতর্স্ক নামের শহরের ৩০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত সেই এলাকা। চেরসিভ হাতছাড়া হলে ইউক্রেন কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা।

জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে বলছে, চেরসিভ ইয়ারের বাইরে দুটি ছোট শহরের ওপর সরাসরি হামলা চলছে। খারকিভ শহরের ওপরেও রাশিয়ার হামলা বাড়ছে। আকাশপথে হামলা প্রতিরোধ করার জন্য যথেষ্ট আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের অভাবের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসের সিনেট অধিবেশন আবারও শুরু হবে। এতে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য সামরিক সহায়তার কথা বর্ণনা করা হয়েছে। কিন্তু সহসাই অগ্রগতিরও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কারণ রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটদের বিবাদ এখনো পুরোপুরি মিটে যায়নি।