ঢালিউডে নতুন চার নায়িকা

ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে ডজনখানেকেরও বেশি সিনেমা। তবে শেষ পর্যন্ত কয়টি সিনেমা মুক্তি পাবে সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে হাফ ডজনের মতো সিনেমা প্রেক্ষাগৃহে আসতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে। প্রতিবারের মতো এবার ঈদেও থাকছেন শাকিব খান। তার সঙ্গে তিন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শরিফুল রাজ। এছাড়াও রয়েছেন সাইমন সাদিক, জিয়াউল রোশান, শবনম বুবলীরা। এদের বাইরে এবার ঈদে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে চার নায়িকার। তারা হলেন মন্দিরা চক্রবর্তী, সাদিয়া আয়মান, আফরা শাইয়ারা ও জান্নাতুল স্নিগ্ধা।

কাজলরেখা সিনেমা দিয়ে অভিষেক ঘটবে মন্দিরা চক্রবর্তীর। তিনি বলেন, একেক সময় একেক রকম লাগছে। কখনো বেশ আনন্দময় ব্যাপার মনে হচ্ছে, আবার কখনো ভয় কাজ করছে। মানে একধরনের মিশ্র অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। এখন অপেক্ষায় আছি, দর্শকদের অনুভূতি বোঝার জন্য। দর্শকরা কীভাবে নিচ্ছে, সেটা দেখার জন্য।

কখনো আমি এত কষ্ট করিনি, যতটা করতে হয়েছে কাজলরেখার শুটিংয়ের সময়। তীব্র রোদে বিস্তীর্ণ চরের মধ্য দিয়ে হেঁটে গেছি। শুয়ে থেকেছি চরের মধ্যে, নদীতে নেমে বসে ছিলাম। আগে যা কল্পনাও করিনি, সেই সব কাজ করতে হয়েছে।

একই সিনেমা দিয়ে বড় পর্দায় আসছেন সাদিয়া আয়মানও। তার ভাষ্যে, সিনেমাটা ঈদে আসবে, এটা জানতাম না। এটা গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল। ঈদের মতো বড় উৎসবে সিনেমা আসা সত্যি অনেক আনন্দের। আমি ভাগ্যবতী যে আমার প্রথম সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে। উৎসবে সিনেমা মুক্তি পেলে বন্ধু-বান্ধবসহ সবাইকে নিয়ে সিনেমা দেখা যায়, মজা করা যায়। এবার আমিও তাই করব। ঈদটাকে আরও বেশি ঈদ ঈদ লাগবে। যখন সিনেমাটির শুটিং করেছিলাম তখন তো আমি একদম নতুন। অভিনয়ও ঠিকঠাক জানতাম না। একদম ন্যাচারাল ছিলাম। ভয়ও লাগছিল। গিয়াস উদ্দিন সেলিম ভাইয়া সেই স্পেসটা দিয়েছিলেন যেন আমি আমার মতো অভিনয়টা করতে পারি।

পটু সিনেমা দিয়ে অভিষেক ঘটবে আফরা শাইয়ারার। নবাগতা বলেন, আমরা স্বপ্ন ছিল নায়িকা হওয়ার। এত কম সময়ে সুযোগ পেয়ে যাব ভাবিনি। শুটিংয়ের সময় প্রথম প্রথম কিছুটা নার্ভাস ছিলাম। পরিচালক থেকে শুরু করে পুরো টিম আমাকে হেয় করেছে। একটা সিনেমা করেই হারিয়ে যেতে চাই না। গল্প ও চরিত্র পেলে অভিনয়ে নিয়মিত হতে চাই। যদিও সিনেমাটির মুক্তি নিয়ে সংশয় রয়েছে। এছাড়াও সোনার চর সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে জান্নাতুল স্নিগ্ধার। অন্যদিকে মোনা: জ্বীন-২ সিনেমা দিয়ে অভিষেক ঘটবে সুপ্রভাত ইসলামের।