নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ৯২ বস্তা চাল জব্দ

ময়মনসিংহের নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ৯২ বস্তা চাল জব্দ করা হয়েছে। গত রবিবার সন্ধ্যার পর উপজেলার গাংগাইল ইউনিয়নের শাইলধরা বাজার থেকে ১৫ টাকা কেজি দরের ৯২ বস্তা কালোবাজারির চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল।

জানা গেছে, ৫৬ বস্তা চাল খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল হাকিমের বিক্রয়কেন্দ্র থেকে এবং ৩৬ বস্তা চাল পাশের একটি দোকানঘর থেকে উদ্ধার করে জব্দ করা হয়। ট্যাগ অফিসার স্থানীয় শাইলধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বকুল মিয়ার প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতায় এই কাজ হচ্ছে বলে স্থানীয়রা জানান। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।

এ বিষয়ে ইউপি সদস্য জহিরুল ইসলাম কনক বলেন, আবদুল হাকিম প্রকৃত কার্ডধারীদের চাল তাদের না দিয়ে তা কালোবাজারে বিক্রয় করে আসছিল। তার ডিলারশিপ বাতিলসহ কঠিন শাস্তি হওয়া প্রয়োজন।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল জানান, গোপন সূত্রে খবর পেয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়।