প্রেমের ফাঁদে ফেলে ব্যবসায়ী অপহরণ, আটক ৯

মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলে আনিসুল হক (৩৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে ২ নারীসহ ৯ জনকে আটক করেছে সদর থানার পুলিশ।

গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী এলাকার একটি বহুতল ভবন থেকে তাদের আটক করা হয়। এ সময় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শাকিল ওরফে লায়ন শাকিল, পান্না চৌধুরী, তার স্ত্রী জোনাকি ওরফে শিউলী, এনামুল হক জুয়েল, জুনায়েদ, সৌরভ, সাইমন ইসলাম ওরফে রাজু শিকদার, হাবিবা আক্তার ও বাবুল মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, এই চক্রটি নারীদের মাধ্যমে মোবাইল ফোনে প্রেমের ফাঁদ পেতে অপহরণসহ নানা অপকর্ম করে আসছিল।

রবিবার জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আনিসুল হক নামের এক ব্যবসায়ীকে প্রেমের ফাঁদে ফেলে শহরে নিয়ে আসে। তারপর তাকে অপহরণ করে টাকা দাবি করে। এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বহুতল ভবন ঘিরে ফেলে। সেখানে অভিযান চালিয়ে দুই নারীসহ অপহরণকারীদের আটক করা হয় এবং অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের মধ্যে শাকিল ওরফে লায়ন শাকিল দুর্ধর্ষ অপহরণকারী, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।