ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। ফলে উত্তর জনপদের সংযোগ সেতু বেড়েছে বঙ্গবন্ধু সেতুতে গত রবিবার সকাল ৬টা থেকে গতকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত আড়াই কোটি টাকার টোল আদায় হয়েছে।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৯ হাজার ৭৮০টি যানবাহন চলাচল করেছে। এত টোল আদায় হয়েছে দুই কোটি ৫০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা। এরমধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব অংশে ১৫ হাজার ৮৫টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কাটি ৮৫ লাখ ৪০ হাজার ৫০ টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১৪ হাজার ৬৯৪টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩২ লাখ ৩৫ হাজার ১৫০ টাকা। এ ছাড়া সেতু দিয়ে ২ হাজার ৭১০টি মোটরসাইকেল পারাপার হয়েছে।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, যানজট নিরসনে সেতুর উভয় অংশে নয়টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। যানবাহনের চাপ বেড়েছে। স্বাভাবিক গতিতেই পরিবহনগুলো চলাচল করছে। পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।