বিআরটিএর প্রতিবেদন

তিন মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে ৩০%

গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে ৪৩ দশমিক ৯৫ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ৩০ শতাংশ। গতকাল সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সড়ক দুর্ঘটনার তথ্য নিয়ে গত বছর জানুয়ারিতে বিআরটিএ প্রথম প্রতিবেদন প্রকাশ শুরু করে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছর দুর্ঘটনা বেড়েছে ৪৩ দশমিক ৯৫ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ৩০ শতাংশ। চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১ হাজার ৪৬৪টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৬৭ জন নিহত ও ১ হাজার ৭৭৮ জন আহত হয়েছে।

২০২৩ সালের প্রথম তিন মাসে দুর্ঘটনার সংখ্যা ছিল ১ হাজার ১৭টি এবং এতে ১ হাজার ৫১ জন নিহত ও ১ হাজার ৪৪০ জন আহত হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন বেসরকারি সংস্থার প্রকাশিত প্রতিবেদনকে ‘বানোয়াট’ উল্লেখ করে এর সমালোচনা করার পর বিআরটিএ তাদের বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ শুরু করে।

বেসরকারি সংস্থাগুলো মূলত গণমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে নিয়মিত তথ্য প্রকাশ করে। বিআরটিএর প্রতিবেদনকে তারা ‘খুবই ন্যূনতম অনুমান’ বলে অভিহিত করেছে। তারা আরও জানিয়েছে, দুর্ঘটনা নিয়ে বিআরটিএর তথ্যের সঙ্গে পুলিশের সংগ্রহ করা তথ্যেরও পার্থক্য আছে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারিতে ৪৩৭টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত হয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে ৩২২টি সড়ক দুর্ঘটনায় ৩৩৩ জন নিহত হয়। চলতি বছর ফেব্রুয়ারিতে ৫৬৯টি সড়ক দুর্ঘটনায় ৫২৩ এবং গত বছর ফেব্রুয়ারিতে ৩০৮টি দুর্ঘটনায় ৩০৩ জন নিহত হয়।

২০২৪ সালের মার্চে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪৪০ জন, যেখানে গত বছর মার্চে ৩৮৭টি দুর্ঘটনায় নিহত হয় ৪১৫ জন। বিআরটিএর তথ্য বলছে, ২০২৩ সালে ৫ হাজার ৪২৫টি দুর্ঘটনায় অন্তত ৫ হাজার ২৪ জন নিহত হয়েছে।