ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় বান্দরবানের কেএনএফ সন্দেহে গ্রেপ্তার ৫২ জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসাইন এ আদেশ দেন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মহতুল হোসেন যত্ন বলেন, আসামিদের পক্ষে জামিনের কোনো আবেদন না থাকায় আসামিদের সরাসরি কারাগারে পাঠায়। তবে আদালতের অনুমতি সাপেক্ষে নিয়োজিত আইনজীবী হিসেবে আমি ওকালত নামায় স্বাক্ষর নিয়েছি। ঈদের পরে কাগজপত্র দেখে জামিনের দরখাস্ত হবে।
তিনি আরো জানান, তখন জামিন শুনানি হবে। রুমার ব্যাংক আর অস্ত্র লুট এবং থানচির ব্যাংক ডাকাতির মামলায় আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।
বান্দরবান সদর কোর্ট পুলিশ পরিদর্শক একে ফজলুল হক জানান, বৃহস্পতিবার বিকেলে ৫২জনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে গতকাল ৮ এপ্রিল (সোমবার) কেএনএফ এর এই ঘটনায় আরও ২জনকে আদালতে তোলার পর কারাগারে পাঠানো হয়েছিল।
এদিকে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের তিন শাখায় সশস্ত্র হামলা, অস্ত্র ও টাকা লুটের ঘটনার পর বান্দরবানের দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে পুলিশ, র্যাব, বিজিবি, আমর্ড পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা একসাথে অপারেশন কার্যক্রম চালাচ্ছে।
জেলার রুমা,রোয়াংছড়ি ও থানচি উপজেলার দুর্গম পাহাড়ে এই অভিযান চলছে। অভিযানে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে ৪টি সাজোয়া যান এপিসি, এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা আরও বাড়ানো হয়েছে।