ইউরোপের সেরা ফুটবল প্রতিযোগিতার দুই কোয়ার্টার ফাইনালেরই নিষ্পত্তি হয়েছে ড্রয়ে৷ উপভোগ্য ও টানটান উত্তেজনার লড়াই শেষে রিয়াল মাদ্রিদ ৩-৩ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটির সঙ্গে। আর ২-২ গোলে শেষ হয়েছে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের ম্যাচ।
রিয়ালের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় মিনিটেই বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে সিটিকে চেপে ধরার সুযোগটা দেয়নি রিয়াল। গোল খাওয়ার ১২ মিনিটের মধ্যে কামাভিঙ্গা ও রদ্রিগোর জোড়া গোলে লিড নিয়ে নেয় স্বাগতিকরা। ম্যাচের ৬৬ মিনিটে ফিল ফোডেনের দুর্দান্ত গোলে সমতা ফেরায় সিটি। শুধু তাই নয়, পাঁচ মিনিটের মধ্যে এগিয়েও যায় তারা। পিছিয়ে পড়ে ভালভার্দের গোলে সমতা আনে রিয়াল। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে লিড নিতে ১২ মিনিট লেগেছে আর্সেনালের। বেন হোয়াইটের দারুণ পাসে ঠাণ্ডা মাথার নিখুঁত বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন বুকায়ো সাকা। অষ্টাদশ মিনিটে সমতা ফেরায় বায়ার্ন। লেয়ন গোরেটস্কা পাস খুঁজে নেয় গ্যানাব্রিকে। ছুটে গিয়ে দারুণ স্লাইডে জাল খুঁজে নেন তিনি। ৩২তম মিনিটে সফল স্পট কিকে এমিরেটস স্টেডিয়ামে ক্লাব ফুটবলে নিজের ষষ্ঠ গোলটি করেন হ্যারি কেইন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে এটি কেইনের ৩৯তম গোল।
৭৬ মিনিটে আর্সেনালের হয় সমতা ফেরান ট্রোসার্ড। ডি-বক্সের ভেতরে জটলা থেকে গাব্রিয়েল জেসুসের বাড়িয়ে দেওয়া বলে জাল খুঁজে নেন তিনি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় সমতায় সন্তুষ্ট থাকতে হয় দুদলকে।