বাঁচানো গেল না সেই চিকিৎসককে

চট্টগ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে ‘কিশোর গ্যাংয়ের' মারধরের শিকার হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে থাকা সেই চিকিৎসক কোরবান আলীকে বাঁচানো গেল না। 

আজ বুধবার (১০ এপ্রিল) ভোরে চিকিৎসকধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসক বাবার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে আলী রেজা।  আজ ভোর সাড়ে ৫টার দিকে আইসিইউতে বাবার মৃত্যু হয়েছে বলে জানান রেজা।

এর আগে গত ৫ এপ্রিল নগরের আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি ঈদগাঁও মাঠ সংলগ্ন এলাকায় একদল কিশোর সন্ত্রাসী তার ছেলেকে মারধর করতে দেখে বাঁচাতে যান দাঁতের চিকিৎসক কোরবান আলী। ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন তিনি। তার মাথায় পাথর দিয়ে আঘাত করে কিশোর গ্যাং সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ রাখার প্রয়োজন হয়। পরে তাকে নগরের বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারের আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে আজ বুধবার ভোরে তিনি মারা যান।

হামলাকারীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল নিশানের অনুসারী বলে অভিযোগ আলী রেজার। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে আকবর শাহ থানায় রোববার মামলা করেছেন তিনি। গত মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করে  আকবর শাহ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার ওসি গোলাম রব্বানী।