২০১৭ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইর কাছে ৪-০ গোলে হেরেছিলো বার্সেলোনা। ফিরতি পর্বে ন্যু ক্যাম্পে মেসি, সুয়ারেজদের নৈপুণ্যে ৬-১ গোলের মহাকাব্যিক ম্যাচ জিতে পিএসজির হৃদয় ভাঙ্গে কাতালানরা। এরপর থেকেই পিএসজি-বার্সেলোনা দ্বৈরথ মানেই যেন বারুদে এক লড়াই। আইএস হামলা সতর্কতায় এবার যোগ হয়েছে আরও উত্তেজনা।
আরেক দফায় আজ রাত ১টায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে হুমকি এসেছে জঙ্গী গোষ্ঠী আইএসের কাছ থেকে। প্রথম দুই কোয়ার্টার ফাইনালে অপ্রীতিকর কোন ঘটনা না হলেও সতর্ক থাকছে প্যারিস। বাড়ানো হয়েছে পার্ক দে প্রিন্সেসের নিরাপত্তা ব্যবস্থা।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমেইন বলেন, 'আমরা হামলার হুমকি পেয়েছি। প্রথম দুই ম্যাচে কিছু হয়নি বলে আমরা হাত পা গুটিয়ে বসে থাকছি না। আমাদের নিরাপত্তা নিয়ে আমরা সতর্ক। যে কোন ধরণের পরিস্থিতি মোকাবেলায় আমরা তৈরি আছি।'
সবশেষ গত ২২ মার্চ রাশিয়ার রাজধানী মস্কোতে ক্রোকাস সিটি কমপ্লেক্সের এক কনসার্টে হামলা চালায় আইএস। ভয়াবহ এই হামলার ঘটনায় ১৪৩ জন নিহত এবং আনুমানিক ৩০০ জন আহতের খবর পাওয়া যায়।
তবে সমর্থকরা অপেক্ষায় আছে মাঠের লড়াইয়ে। যেখানে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত বার্সা। প্রতিপক্ষ পিএসজিও আছে দুর্দান্ত ছন্দে। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে গেল নভেম্বরের পর থেকে ২৭ ম্যাচ অপরাজিত প্যারিসের ক্লাবটি।