রাজধানীতে মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত হাসান মাহমুদ (৫৫) নামের এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ এপ্রিল) ভোরের দিকে শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারের নিচ তলায় অবস্থিত বুথে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, টাকা চুরি করতে গিয়ে বুথ ভাঙতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। এরপর নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করে চলে যায়। বুধবার বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মধুমতি ব্যাংকের শাহজাদপুর এলাকার এটিএম বুথের সামনে থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত জানতে এটিএম বুথের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।