অতীত ইতিহাস, পরিসংখ্যান ও দলের বর্তমান পারফরম্যানস- এসব মানদণ্ডের বিচারে ফুটবল বিশ্লেষণী ওয়েবসাইট অপ্টার সুপার কম্পিউটার আগাম ঘোষণা করেছে কারা খেলবে ইউরোপ শ্রেষ্ঠত্বের সেমিফাইনালে।
সুপার কম্পিউটারের মতে, এবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বিদায় নিশ্চিত হবে দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। তাদের হারিয়ে সেরা চারে পা রাখবে পিএসজি ও ম্যানচেস্টার সিটি। আর বাকি দুটি দল আর্সেনাল ও বরুশিয়া ডর্টমুন্ড।
সিটির সেমিফাইনাল খেলার সম্ভাবনা ৬০ আর রিয়ালের ৪০ শতাংশ। গত পাঁচ মৌসুম মিলিয়ে চতুর্থ বারের মতো মুখোমুখি হয়েছে দুদল। গত মৌসুমে সেমিফাইনালে সিটির বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিয়েছিল রিয়াল। চলতি মৌসুমে বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ড্র হয়েছে ৩-৩ এ।
আজ রাতের কোয়ার্টার ফাইনালে পিএসজির জয়ের সম্ভাবনা ৫৭ শতাংশ আর বার্সেলোনার ৪৩ শতাংশ। নক আউট রাউন্ডে দুদলের পাঁচ দেখায় অবশ্য এগিয়ে কাতালানরা। তিনবার জিতেছে তারা।
নক আউট পর্বে চার বারের দেখায় প্রতিবারই আর্সেনালকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। কিন্তু দুদলের বর্তমান পারফরম্যানস বিবেচায় আর্সেনালকে এগিয়ে রাখছে অপ্টা। প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ার পর আর্সেনালের জয়ের সম্ভাবনা ৫৮.৫ ও বায়ার্নের ৪১.৫ শতাংশ।
বরুশিয়া ডর্টমুন্ড ও অ্যাতলেটিকোর মাদ্রিদের মধ্যকার লড়াইয়ে অবশ্য এগিয়ে জার্মান ক্লাবটি। বরুশিয়ার ৫৬.৩ শতাংশ জয়ের সম্ভাবনার বিপরীতে অ্যাতলেটিকোর ৪৩.৭ শতাংশ। আজ রাতে প্রথম লেগে মুখোমুখি হবে এ দুদল।