ক্রয়ক্ষমতা বাড়ায় মানুষ প্রতিদিন গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, মানুষের মাঝে ঈদের আনন্দ আছে কি না সেটা মার্কেটে কেনাকাটার ভিড় দেখলেই বোঝা যায়। তারা কেনাকাটা করছে। দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। সাংবাদিকরা বলেন- আমরাও কমবেশি দেখি। পাশাপাশি এও দেখি মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলেই তো কোনো জিনিস পড়ে থাকছে না। আগে যেখানে মাসে হয়তো একবার কেউ গরু মাংস দিয়ে ভাত খেত, এখন প্রতিদিন বেশির ভাগ মানুষ গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে।

আজ বুধবার সকালে কুষ্টিয়াস্থ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বিএনপির উদ্দেশে বলেন, বিএনপি স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াতকে সঙ্গে নিয়ে যে দেশবিরোধী কাজ করেছিল তা দেশবাসী জানে। বিশেষ করে তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যিনি বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে এ দেশের স্বধীনতাবিরোধী অপশক্তিকে উত্থানের মাধ্যমে দেশকে আবার পাকিস্তানি ধারায় নিয়ে গিয়েছিল।

হানিফ আরও বলেন, বর্তমান সরকার এ দেশের অনেক উন্নয়ন করেছে। জনগণ তার সুফলও পাচ্ছে। সে ক্ষেত্রে এগুলো বিএনপির কাছে খুবই কষ্টদায়ক। কারণ বিএনপি-জামায়াত পাকিস্তানি ধারায় বিশ্বাসী। যার কারণে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা বিভ্রান্তিমূলক কথা বলে।

এ সময় সেখানে কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ডা. এস এম মুসতানজিদ ও সাধারণ সম্পাদক ড. সেলিম তোহা ছাড়াও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।