সব মিলিয়ে ১৩ বার মুখোমুখি হয়েছে বার্সেলোনা-প্যারিস সেন্ট জারমেঁ। এরমধ্যে ২০১৭ সালের শেষ ১৬'র ফিরতি পর্বের ম্যাচটি হয়ে রয়েছে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হিসেবে।
১৪ ফেব্রুয়ারি ২০১৭, শেষ ষোলোর প্রথম লেগে লিওনেল মেসি-নেইমার-সুয়ারজেদের বার্সা আতিথ্য নিতে গিয়েছিল প্যারিসে। কাতারি মালিকের অর্থায়নে বদলে যাওয়া পিএসজি সেদিন নিজেদের ঝাঁজ দেখিয়েছিল। ১৮ মিনিটে আনহেল ডি মারিয়ার গোলে শুরুটা দারুণ করে পিএসজি। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করেন ইউলিয়ান ড্রাক্সলার। বিরতির পর ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল আদায় করেন দি মারিয়া। এরপর ৭১ মিনিটে এদিনসন কাভানিও গোল করলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
তখনই বার্সার বিদায় ধরে নিয়েছিল অনেকে। কিন্তু ক্যাম্প ন্যুর ক্লাবটি হারার আগে হার মানতে চায়নি। ফলে ৮ মার্চ দ্বিতীয় লেগে লেখা হলো চ্যাম্পিয়নস লিগের অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্প। ৪ গোলে পিছিয়ে থাকা দলটিই পরে জিতল ৬-১ ব্যবধানে। সেদিন দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ৩ মিনিটে গোল করে শুরুটা করেন সুয়ারেজ। প্রথমার্ধে কুরাজাওয়ার আত্মঘাতী গোলে সেই ব্যবধান হয় ২-০।
বিরতির পর ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি। ৬২ মিনিটে কাভানি এক গোল শোধ করলে পরিস্থিতি আরও কঠিন হয় বার্সার জন্য। তবে দুর্দান্ত নেইমার ৮৮ ও ৯০ মিনিটে জোড়া গোল করে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরান বার্সাকে। আর যোগ করা সময়ে সের্জি রবার্তোর গোলে ৬-১ (দুই লেগ মিলিয়ে ৬-৫) ব্যবধানের অবিশ্বাস্য এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।