চানরাতের ফুটপাত— 'একদাম ৩০০, দেইখা লন ৩০০'

ঈদের আগে চানরাতে ক্রেতা-বিক্রেতার ভিড়ে মিরপুর-১০ এলাকায় পথচারীদের ফুটপাতে ওঠার সুযোগ নেই। ক্রেতার নজর কাড়তে তালে তাল মিলিয়ে বিক্রেতারা হাঁকছেন—  ‘একদাম ৩০০, বাইছা লন ৩০০, দেইখা লন ৩০০।' অন্য কোনোদিকে তাদের তাকানোর সুযোগ নেই। ভিড় ঠেলে ক্রেতা বিক্রেতা পর্যন্ত পৌঁছাচ্ছেন, পণ্য দেখে দাম পরিশোধ করছেন।

বুধবার (১০ এপ্রিল) মধ্যরাতে মিরপুর ১০ নম্বর সংলগ্ন ফুটপাতে বেচাকেনার দৃশ্য এটি। বিক্রেতারা বলছেন, তুলনামূলক কমদামে কেনাকাটার জন্য শেষ সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই ফুটপাতগুলো। 

ফুটপাতের এসব দোকানগুলোয় নারী-শিশুদের পোশাক, কসমেটিকস, জুতা, জুয়েলারি, ভ্যানিটি ব্যাগের পাশাপাশি গৃহস্থালী পণ্য এবং ছেলেদের প্যান্ট-শার্ট, ঘর সাজানোর পর্দা, বিছানার চাদর, টেবিল ক্লথের মতো পণ্যও বিক্রি হচ্ছে। 

ভাসানটেক থেকে আসা বিপ্লব  জানান, এখান থেকে কেনাকাটা করাটা তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর বাগানবাড়ি থেকে আসা শোয়েব জানালেন, ব্র্যান্ডের দোকান থেকে প্যান্ট কিনতে গেলে তার যে খরচ হয়, তার চেয়ে অনেক কমে তিনি এখান থেকে প্যান্ট কেনেন।