পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বঙ্গভবনে ক্রেডেন্সিয়াল হলে সকাল ১০টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
বঙ্গভবনের কর্মকর্তারা জানান, ঈদুল ফিতর উপলক্ষে এবার ১৫০০ জনকে আমন্ত্রণ জানানো হয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে। জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।
এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ পড়েন রাষ্ট্রপ্রধান। এ ছাড়া সমগ্র দেশবাসীকে এক বাণীতে ঈদের শুভেচ্ছাও জানান রাষ্ট্রপতি।