মালয়েশিয়ায় ঈদের দিন আনন্দ ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) ঈদের দিন বাংলাদেশ সময় দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে একই গ্রামের চারজনের মৃত্যুতে নিহতের পরিবারগুলোতে চলছে শোকের মাতম। শেষ বারের মতো সন্তানদের মুখ দেখার ইচ্ছা নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের আব্দুল করিমের দুই ছেলে মো. আব্দুল্লাহ (২৫) ও হাফেজ মো. হুমায়ূন উরফে সোহেল (২৭) এবং একই এলাকার মো. শাহাবুদ্দির মিয়ার ছেলে মো. সোহেল (২৫), মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আশকর আলী (৪০)।
পরিবার সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে গাড়ি নিয়ে ক্যামেরুন থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে তাদের গাড়িটির চাকা ফেটে গেলে গাড়ি স্লো হয়ে যায়। এ সময় পেছনে থাকা মালবাহী লড়ি ধাক্কা দিলে সাথে সাথেই ৩ জনের মত্যৃ হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরেকজনের মৃত্যু হয়। গাড়িতে থাকা আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হরষপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মো. আব্দুল্লাহ, হাফেজ মো. হুমায়ূন উরফে সোহেল, মো. সোহেল আমার ভাতিজা লাগে এবং আশকর আলী আমার গ্রামের জামাই হয়। ঈদের দিনের ছুটিতে ঘুরতে গিয়ে তারা মারা গেছে। আমরা এই শোক সইতে পারছি না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন প্রবাস থেকে লাশগুলো দেশে আনার ব্যবস্থা করে দেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, আমি স্থানীয়ভাবে খবর পেয়েছি। লাশ যখন দেশে আসবে থানার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা করা হবে।