মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি পদ্মা শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন একজন।আজ শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে জেলার টঙ্গীবাড়ি উপজেলার উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ধানকোড়া গ্রাম সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
রাত ৮ টার দিকে রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও মোহাম্মদ জুয়েলের (৪০) লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা। তবে নিখোঁজ রয়েছেন নিহত রাজুর ছেলে রামিন আরিদ (১৬)। তাদের বাড়ি ঢাকার মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে।
নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস জানায়, তারা ওই উপজেলার বেসনাল গ্রামের তাদের স্বজন আলম মোল্লার বাড়িতে বেড়াতে আসেন। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে ট্রলারে করে ৩০-৩৫ জন মিলে ধানকোড়া গ্রাম সংলগ্ন পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হন। এ সময় বেশ কয়েকজন মিলে ট্রলার থেকে নদীতে গোসল করতে নামে। পরে বাবা-ছেলেসহ ৩ জন নদীর স্রোতের তোড়ে ভেসে যায়।
টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, সংবাদ পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। ঢাকা থেকে ইতিমধ্যেই প্রশিক্ষিত ডুবুরি দল ঘটনাস্থলে রওনা হয়েছে। ডুবুরি দল এসে পৌঁছলে আনুষ্ঠানিক উদ্ধার কাজ শুরু হবে।
সদর উপজেলার চর আব্দুল্লাহ নৌফাড়ির ইনচার্জ আবুল হাসনাত জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের টিম রয়েছে। উদ্ধারকাজের প্রস্তুতি চলছে।