বিশনন্দী ফেরিঘাটে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

নারায়ণগঞ্জের আড়াইহাজারের মেঘনা নদীবেষ্টিত বিশনন্দী ফেরিঘাট এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পর্যটক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আবহাওয়া ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় ঈদ পরবর্তী ছুটির অংশ হিসেবে স্বপ্নের ফেরিঘাট দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য দর্শনার্থীর আগমন দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ মেঘনা নদীর তীরবর্তী ফেরিঘাট এলাকায় ভিড় জমাচ্ছেন। পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা ট্রলারে করে খুব কাছে থেকে মেঘনা নদী ঘুরে দেখছেন ও তার সৌন্দর্য উপভোগ করছেন। এ ছাড়া ঈদ উপলক্ষ্যে নদীর পাড়ে মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ক্রেতারা তাদের নিজ নিজ চাহিদা অনুযায়ী পণ্য ক্রয় করতে পারছে।

এ সময় অসীম নামে এক দর্শনার্থী বলেন, নদীর তীরবর্তী অংশ এতটা সুন্দর যা খুব কাছ থেকে মেঘনা নদী দেখছি। এখানে অনেক ভালো লাগছে।

নাঈম নামে এক পর্যটক বলেন, পরিবার-পরিজন নিয়ে এখানে এসেছি, সবাই মিলে সরাসরি ফেরিঘাটের সৌন্দর্য দেখার সৌভাগ্য হলো। নদীর মাঝখানে স্বপ্নদ্বীপ যা দেখে মুগ্ধ। এ ছাড়া এখন রেস্টুরেন্টে যাচ্ছি মেঘনার ইলিশ ভাজার স্বাদ নিতে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ঈদ উপলক্ষ্যে পর্যটক এবং দর্শনার্থীদের ভিড় বেশী হচ্ছে। দর্শনার্থীরা যেন নিরাপদে ঘুরে বেড়াতে পারেন সেদিকে সর্বোচ্চ লক্ষ্য রাখা হচ্ছে।