মাঠের মধ্যে পড়েছিল ১৫ কোটি টাকা মূল্যের বিষ্ণু মূর্তি

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালের ফসলি জমির পাশ থেকে প্রায় ৩৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

আজ শনিবার সকাল ১০টার দিকে রামপাল ইউনিয়নের খানকা দালাল পাড়া গ্রামের ফসলি জমির পাশ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। তবে ৩ দিন আগে ফসলি জমির মাটি কাটার সময় এক কৃষক মূর্তিটি পেয়ে তা গোপন করে রেখেছিলেন বলে জানা গেছে।

জমির মালিক মৃত আফছান দেওয়ানের ছেলে মো. রিপন জানান, গত ১০ এপ্রিল খানকা দালালপাড়া গ্রামের তাদের ফসলি জমিতে মাটি কাটার সময় কৃষক খোরশেদ ৬ ইঞ্চি গভীর থেকে মূর্তিটি দেখতে পেয়ে উদ্ধার করে আত্মসাতের উদ্দেশ্যে বাসায় রেখে দেন। পরে বিষয়টি জানাজানি হলে ভয় পেয়ে পুলিশকে খবর দেন ওই কৃষক। এরপর কৃষক ফসিল জমির পাশে মূর্তিটি ফেলে রেখে যান।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এনামুল হক জানান, খবর পেয়ে ফসলি জমির রাস্তার পাশ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে।